
খাদ্য অপচয় রোধে একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্য অপচয় রোধ মানে শুধু খাদ্য সাশ্রয় নয়; বরং কৃষকের শ্রমের মর্যাদা, জাতীয় সম্পদ রক্ষা এবং মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। মন্ত্রী বলেন কোনো একক মন্ত্রণালয়ের পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সেভ ফুড, সিকিউর বাংলাদেশ’স ফুড ফিউচার: ন্যাশনাল ডায়ালগ অন লস অ্যান্ড ওয়েস্ট’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়িয়ে উৎপাদিত খাদ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী । খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ কার্যালয় যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।




