
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে এ বছর সারের আমদানিও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ।মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে যত সারের প্রয়োজন হবে, সরকার তা সরবরাহ করবে। কোনো অবস্থাতেই কৃষক যাতে সারের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন দেশে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই।
গতকাল বুধবার (৪ নভেম্বর ) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এসময় সারের পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন কৃষিমন্ত্রী। ডিলারদের উদ্দেশ্যেিআমিন উর রশিদ বলেন, বরাদ্দ অনুযায়ী সময়মতো সার উত্তোলন করতে হবে। কোনো ডিলার নির্ধারিত সময়ে সার উত্তোলন না করলে তাকে খেলাপি হিসেবে চিহ্নিত করতে হবে। ডিলারশিপ ভাড়া দেয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না।
অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী।কৃষকের সুবিধার্থে মৌসুমে সকাল ৯টার মধ্যে সার বিক্রির দোকান খোলা এবং বিকেল ৫টা থেকে ৬টার আগে বন্ধ না করার জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।এসময় কৃষিমন্ত্রী বলেন, নতুন ফসল ও কৃষি কার্যক্রম সম্প্রসারণের ফলে সারের চাহিদা বাড়লে সরকার প্রয়োজনীয় সার সরবরাহ করবে।
জমির উর্বরতা ও উৎপাদন ব্যয় বিবেচনায় কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে সচেতন করতে কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি । মাছ চাষে সার ব্যবহারের ক্ষেত্রেও মৎস্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ার আহ্বান জানান মৎসমন্ত্রী ।বিভাগীয় কমিশনার( ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বক্তব্য দেন। রাজশাহী বিভাগের কৃষি ও মৎস চাষের ব্যবস্থাপনা আজ সরজমিনে পরিদর্শন করবেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী ।




