
বিজ্ঞান, বাণিজ্য বা কলা যে বিভাগেই আপনি পড়াশোনা করে থাকুন না কেন, কলা খেতে ভালোবাসেন না এটা বলতে পারবেন না। আর এই কলার সঙ্গে বিজ্ঞান ও বাণিজ্য যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটাও নিশ্চয়ই বুঝতে পারেন। তবে জানেন কি এই কলা বাণিজ্যের অন্ধকার দিকের কথা? কত প্রাণ আর কত বিপ্লবের মধ্য দিয়ে আজকের নাস্তার টেবিলে এই মসৃণ হলুদ দাগহীন কলা আপনি পেয়েছেন! যাওয়া যাক ৭ হাজার বছর আগে—পাপুয়া নিউগিনির গহীন পাহাড়ি এলাকায়। বন্য এই কলা কিন্তু নরম আর মিষ্টি ছিল না; ছিল শক্ত বীজে ভরা ছোট একটি ফল। কলা নিয়ে ছলাকলার আসলে শেষ নেই।

কালের বিবর্তনে মানুষ সংকরায়নের মাধ্যমে বীজহীন মিউট্যান্ট কলা উদ্ভাবন করে। আর উনিশ শতকের শেষের দিকে রেফ্রিজারেটেড জাহাজ ও রেলগাড়ি আবিষ্কারের পর এই গ্রীষ্মমণ্ডলীয় ফল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। ১৮৮৯ সালে গঠিত হয় ‘ইউনাইটেড ফ্রুট কোম্পানি’। কলার উৎপাদন থেকে শুরু করে জাহাজ ও বাজার—সবকিছু এক হাতে নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা। মধ্য আমেরিকার দেশগুলোতে বিশাল রেইনফরেস্ট কেটে গড়ে ওঠে মনোকালচার প্ল্যান্টেশন। স্থানীয়রা এই দানবীয় কোম্পানিটির নাম দিয়েছিল—‘এল পুলপো’ বা অক্টোপাস।

কিন্তু এই সাম্রাজ্যের ভিত্তি তৈরি হয়েছিল রক্ত আর ঘামে। প্ল্যান্টেশনের শ্রমিকদের চরম অমানবিক পরিস্থিতিতে কাজ করতে হতো, যেখানে মজুরি মিলত কেবল কোম্পানির নিজস্ব ভাউচারে। ১৯২৮ সালে কলম্বিয়ার বানানা প্ল্যান্টেশনের শ্রমিকরা যখন ন্যায্য মজুরি ও মানবিক পরিবেশের দাবিতে ধর্মঘট ডাকল, তখন কোম্পানি নতি স্বীকার করেনি। উল্টো তাদের প্ররোচনায় কলম্বীয় সেনাবাহিনী শ্রমিকদের ওপর চালায় নির্বিচারে মেশিনগানের গুলি। সেই কালো দিনে কত শত শ্রমিক প্রাণ হারিয়েছিলেন, তার সঠিক হিসাব আজও অজানা।

ইউনাইটেডের এই নারকীয় তৎপরতা প্রথম দেখা যায় ১৯২৮ সালে কলম্বিয়ার সিয়েনাগায়। শ্রমিকদের ধর্মঘট দমনে সেনাবাহিনী গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করে। সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাঁর ‘হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’ উপন্যাসে এই ‘বানানা ম্যাসাকার’-কে চিরস্মরণীয় করে রেখেছেন। উপন্যাসে মাকোন্দো শহরের নিহত হাজার হাজার শ্রমিকের লাশ কলার ট্রেনে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং রাষ্ট্র তা অস্বীকার করে।

বাস্তবেও ট্রেনের সঙ্গে কলার সম্পর্ক গভীর। দ্রুতপচনশীল কলাকে বন্দরে পৌঁছাতে ১৮৭০-এর দশকে কোস্টারিকায় রেলপথ নির্মাণ শুরু হয়। মার্কিন উদ্যোক্তা মাইনর কুপার কিথ রেলপথের পাশে কলাগাছ লাগানো শুরু করেন। পরবর্তীতে এই ব্যবসাই বড় হয়ে ১৮৯৯ সালে গড়ে তোলে ইউনাইটেড ফ্রুট কোম্পানি।

কোম্পানির স্বার্থে লাতিন আমেরিকার একের পর এক দেশের সরকার ও রাজনীতিতে চলে সরাসরি হস্তক্ষেপ। ১৯৫৪ সালে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার নির্বাচিত সরকার উৎখাতে গোপন অভিযান চালায় সিআইএ। অজুহাত ছিল কমিউনিজম কমানো, কিন্তু নেপথ্যে ছিল মার্কিন প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ফ্রুট কোম্পানি’র বিপুল বাণিজ্যিক স্বার্থ। কোম্পানিটি দেশটিতে বিপুল জমি কম মূল্যে দখলে রেখেছিল। ১৯৫২ সালে গুয়াতেমালার প্রেসিডেন্ট জাকোবো আরবেন্জ ‘ডিক্রি ৯০০’ আইনের মাধ্যমে কোম্পানির অব্যবহৃত জমি অধিগ্রহণ করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণের উদ্যোগ নেন। নথিতে কোম্পানি ঘোষিত কম মূল্যে ক্ষতিপূরণ দিতে চাইলে সংঘাত শুরু হয়। শেষ পর্যন্ত ১৯৫৪ সালে সিআইএ-সমর্থিত অভ্যুত্থানে আরবেন্জ উৎখাত হন এবং দেশটি ঢুকে পড়ে পরবর্তী তিন দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে।

কেবল গুয়াতেমালাতেই নয়; মধ্য আমেরিকার রাষ্ট্রগুলোতে কলা কোম্পানিগুলোর এই রাজনৈতিক প্রভাব দেখে ১৯০৪ সালে মার্কিন লেখক ও. হেনরি ‘বানানা রিপাবলিক’ কথাটি ব্যবহার করেন। শব্দটি এমন দুর্বল রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠে, যেখানে জনগণের চেয়ে বিদেশি ব্যবসার প্রভাব বেশি।
অবশেষে দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক পতনের মুখে সেই পরাক্রমশালী কোম্পানি হারিয়ে গেলেও রেখে গেছে এক গভীর ক্ষত। জিনগত বৈচিত্র্য না থাকায় এবং ক্লোন চাষের কারণে ‘পানামা ডিজিজ’ নামের এক ছত্রাক আক্রমণে ১৯৫০-এর দশকে গ্রোস মিশেল জাতটি হারিয়ে গিয়েছিল।
বর্তমানের ক্যাভেন্ডিশ জাতের কলাও আজ নতুন মহামারীর মুখে। প্রতিদিনের টেবিলে আসা সাধারণ এই কলার আড়ালে লুকিয়ে আছে পুঁজিবাদ ও মানবীয় সংগ্রামের অন্ধকার ইতিহাস।




