Spread the love

কৃষি  এবং গবাদিপশু পালন, পোলট্রি ও মৎস্য খামারের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে নতুন ব্যাংক করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ‘এএফসি ব্যাংক লিমিটেড’ নামক একটি বিশেষায়িত তফসিলি ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন উদ্যোক্তা হুমায়ুন কবীর পাটওয়ারী। নতুন আরো একটি ব্যাংক, যারা কৃষিখাতকে গুরুত্ব দেয়ার কথা বললেও ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির কারনে র্অথনীতিবিদরা এখন নতুন ব্যাংকের বিরোধিতা করছেন। অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ একটি দৈনিক পত্রিকায় এবিষয়ে নিজের মত দিতে গিয়ে বলেছেন , দেশে নতুন করে ব্যাংকের প্রয়োজন নেই। কারো দরকার হলে পুরোনো ব্যাংক কিনে নিতে পারেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  দেশের প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে প্রস্তাবিত ‘এএফসি ব্যাংক লিমিটেড’ নামক একটি বিশেষায়িত তফসিলি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন রয়েছে। নতুন এই ব্যাংক প্রতিষ্ঠার পক্ষে ব্যবসায়ি হুমায়ুন কবীর পাটওয়ারী যুক্তি তুলে ধরেছেন, প্রচলিত ব্যাংকগুলোর সেবা এখনো দেশের বৃহৎ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারেনি।

প্রস্তাবিত ব্যাংকটি গঠিত হলে তা গতানুগতিক বড় ব্যবসায়ীদের গণ্ডির বাইরে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ ও ব্যাংকিং সেবার সুযোগ সৃষ্টি করা, গবাদিপশু পালন, পোলট্রি, মৎস্য খামার এবং কুটির শিল্পের সঙ্গে জড়িতদের জন্য মূলধন জোগাড়ের সুযোগ তৈরি করা। পাশাপাশি প্রবাসফেরত কর্মীদের সঞ্চিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়ন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে বিগত ২০১৬ সালের ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে এ সংক্রান্ত আবেদন ও কাগজপত্র দাখিল করা হলেও দীর্ঘসূত্রতার বেড়াজালে তা কেবল ফাইল চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।