Spread the love

সুনামগঞ্জের চার উপজেলায় আকস্মিক বজ্রপাতে পাঁচজন কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

দুপুরে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে নিহত হয় বাদশা গঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী হবিবুর রহমান (২২) সহ দুজন। অন্যদিকে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলায় একই সময় হাওরে ধান কাটার সময় নুর জামাল নামের আরেকজনের মৃত্যু হয়। তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় আবুল কালামের উপর বজ্র এসে পড়লে তিনিও মারা যান। পৃথক বজ্রপাতের এসব ঘটনায় আহত আছেন আরও ৩ জন।

এছাড়াও দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের একজন বজ্রপাতে নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম লিটন মিয়া। তিনিও হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, বজ্রপাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনা নিয়ে কাজ করছে।

এদিকে সুনামগঞ্জ ছাড়াও আরও অন্যান্য জেলায় আরও ৭ জনের মৃত্যর খবর পাওয়া গেছে।