Spread the love

দেশে ফসল উত্তোলন-পরবর্তী ক্ষতি কমিয়ে কৃষিকে আরও টেকসই ও আধুনিক করার লক্ষ্যে একটি উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল।  গুদামজাত ধানকে পোকামাকড় থেকে বাঁচাতে  তারা উদ্ভাবন করেছেন গ্রেইন গার্ড নামে একটি পরিবেশবান্ধব ডিভাইস। এটি মূলত উচ্চ-ফ্রিকোয়েন্সির আল্ট্রাসনিক শব্দতরঙ্গ ব্যবহার করে ধানের ক্ষতিকর পোকা (রাইস উইভিল) দমন করে।

ডিভাইসটি এমন শব্দ তৈরি করে যা মানুষের কানে ধরা পড়ে না, কিন্তু পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে আঘাত হানে। এই শব্দের কারণে পোকাদের খাবার গ্রহণ ও বংশবৃদ্ধি ব্যাহত হয়, ফলে তারা ধীরে ধীরে ধান ছেড়ে চলে যায়। এতে কোনো বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না, তাই এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ।

২০২০ সালে ড. আউয়ালের নেতৃত্বে এই গবেষণা শুরু হয়। পরবর্তীতে বিশ্বব্যাংকের সহায়তায় এবং অধ্যাপক ড. এহসানুল কবিরের সহযোগিতায় ডিভাইসটির নকশা ও মাঠপর্যায়ে পরীক্ষা সম্পন্ন করা হয়। সম্প্রতি এর সফলতা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।  তারা বলছেন যদি এর ফলে  সংরক্ষণকালীন ক্ষতি ৫ শতাংশ কমানো যায় তাতেও হাজার কোটি টাকার সাশ্রয় সম্ভব।

ডিভাইসটি এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।