Spread the love

পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী শস্য ও কৃষিপণ্যের সঙ্গে নগরবাসীর পরিচয় ঘটাতে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’। আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর মিরপুর-১৩তে অবস্থিত পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলা হবে। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ আয়োজনে বসছে এবারের মেলার পঞ্চম আসর।

 

আয়োজকদের পক্ষ থেকে রেলী চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেলার স্টল বরাদ্দের ঘোষণা দেওয়ার পর থেকেই উদ্যোক্তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের মান্দি, মণিপুরি, সাঁওতাল ও রাখাইন জনগোষ্ঠীর অনেক উদ্যোক্তা ইতোমধ্যে স্টল বুকিং দিয়েছেন। বরাদ্দ করা স্টলগুলোর মধ্যে আদিবাসী নারী উদ্যোক্তাদের প্রাধান্য রয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে আদিবাসীদের ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালিতে তৈরি নানা ধরনের খাবার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তেল ও মশলার ব্যবহার ছাড়াই তৈরি বিভিন্ন জনপ্রিয় পদ।

পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশের কোঁড়ল বা ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা বিভিন্ন ধরনের হেবাঙ, জুমের শাকসবজি এবং পার্বত্য অঞ্চলের জনপ্রিয় খাবার পাজনের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।সমতলের আদিবাসী জনগোষ্ঠীর খাবারের বৈচিত্র্যও মেলায় বিশেষভাবে তুলে ধরা হবে। মণিপুরি, গারো ও রাখাইন উদ্যোক্তারা তাদের ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসবেন। রাখাইন উদ্যোক্তারা কালো ও সাদা বিনি চাল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে হাজির হবেন। পাশাপাশি থাকবে নানা ধরনের মুন্ডি, যা ইতোমধ্যে বাঙালি ভোজনরসিকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে।মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন ধরনের টাটকা ফল দিয়ে তৈরি ঝাল খাবার, যা ‘লাকসো’ নামে পরিচিত। মণিপুরি খাবারের মধ্যে পাওয়া যাবে ডাল দিয়ে তৈরি বিশেষ পদ ‘উতি’ এবং বিনি চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীরজাতীয় খাবার ‘সাঙ্গোম’। এছাড়া বিভিন্ন জাতের বিনি চাল ও পাহাড়ি মধুও পাওয়া যাবে মেলায়।

খাবারের পাশাপাশি মেলায় থাকবে বৈচিত্র্যময় কৃষিপণ্যের সমাহার। জুমচাষে উৎপাদিত বিষমুক্ত শাকসবজি, পাহাড়ি কলা, মধুপুরের আনারস, পেঁপেসহ বিভিন্ন ধরনের ফলমূল, শুঁটকি এবং নানা জাতের কৃষিপণ্য নিয়ে অংশ নেবেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের জন্য কাপ্তাই হ্রদের মাছ কেনার সুযোগও থাকবে।