Spread the love

পতেঙ্গা সৈকতে ডাব খাচ্ছিলাম। আর ডাব বিক্রেতা কাদের ব্যাপারী পাশের এক হকারকে টিজ করছে—’আনারকলি, আনারকলি!’ পতেঙ্গার এমন পরিবেশ দেখে আমি খুব বিরক্ত হলাম। সূর্যাস্তের ফুটেজ নিতে নিতে কাদের ব্যাপারীর সঙ্গে অনেক কথা হলো। তার পরিবারের কথা, কোথা থেকে সে এখানে এসেছে—সব জানতে পারলাম। তারপর আমি বলেই ফেললাম, ভাই, আপনি আর অনেকে এই ‘আনারকলি, আনারকলি’ বলে চিৎকার করছেন, পাশের হকারকে বিরক্ত করছেন কেন?তিনি হেসে বললেন, আপা, আপনি যা ভাবছেন, তা না। ও ‘আনারকলি’ নামে একটা ফলের ভর্তা বিক্রি করে। খুবই জনপ্রিয়, বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে। তাই ওর দোকানে ভিড়ও থাকে।

আচ্ছা! আনারকলি তাহলে একটা ফল! আমার পরিচিত অনেকের কাছে জিজ্ঞেস করে দেখলাম, তারা খুব পছন্দ করে খায়। মনে পড়ে গেল, আমিও এটি খেয়েছি—একটু ঝাল-টক, কিন্তু বেশ ভালো লাগে। অতঃপর গুগল করলাম, আনারকলি নামের ফলটির আসল নাম প্যাশন ফ্রুট!প্যাশন ফলের মূল উৎস দক্ষিণ আমেরিকার ব্রাজিল, প্যারাগুয়ে এবং উত্তর আর্জেন্টিনার পার্বত্য অঞ্চল। পরবর্তীতে এটি আফ্রিকা, ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ভারতে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। বাংলাদেশে প্রায় দুই দশক আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এই ফলের চারা বা জাত সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আব্দুর রহিম। দক্ষিণ আমেরিকার এই ফলটি একেক অঞ্চলে একেক নামে পরিচিত—কোথাও এটি ‘আনারকলি’, কোথাও ‘ট্যাং ফল’ বা আবার কোথাও ‘শরবতি ফল’ নামে পরিচিত।

প্রাথমিকভাবে পাহাড়ি ও পর্যটন অঞ্চলের মাধ্যমে বাংলাদেশে এর পরিচিতি শুরু হলেও বর্তমানে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট ও পঞ্চগড় ছাড়াও চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং টাঙ্গাইলের মতো সমতল অঞ্চলেও সফলভাবে প্যাশন ফল চাষ হচ্ছে।

প্যাশন ফল লতাজাতীয় উদ্ভিদ। এর চাষপদ্ধতি ও জীবনচক্র বেশ সুবিধাজনক একবার সঠিকভাবে চারা রোপণ ও পরিচর্যা করলে এই গাছ থেকে টানা ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত ফুল ও ফল পাওয়া সম্ভব।কৃষি বিশেষজ্ঞদের মতে, প্যাশন ফলের চেয়ে এর ফুল অত্যন্ত আকর্ষণীয়, দৃষ্টিনন্দন এবং সুগন্ধযুক্ত।চারা রোপণের প্রায় ৮ থেকে ১০ মাসের মধ্যে গাছে ফুল আসে। ফুল ফোটার ৬০ থেকে ৭৫ দিনের মধ্যে ফল সংগ্রহের উপযোগী হয়।

প্রথম বছরে প্রতি গাছে গড়ে ২০ থেকে ২৫টি ফল পাওয়া গেলেও দ্বিতীয় ও তৃতীয় বছর থেকে তা বেড়ে ২০০ থেকে ২৫০টি পর্যন্ত হতে পারে। গাছ সাধারণত ডিসেম্বর থেকে মার্চ মাস বাদ দিয়ে বছরের বাকি সময় ফল দেয়।

তুলনামূলক কম পরিচিত হলেও প্যাশন ফল চাষ করে অনেক কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।  বাগান তৈরিতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ হলেও প্রথম বছরেই ৩ থেকে ৪ লাখ টাকার ফল বিক্রি হয়। পাইকারি বাজারে প্রতি পিস ফল ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা যায়।

সরকারের কৃষি তথ্য সার্ভিস প্যাশন ফলকে ‘সম্পূর্ণ ব্যবহারযোগ্য ফল’ হিসেবে অভিহিত করেছে। কারণ এর রস, বীজ ও খোসা শিল্পোৎপাদনে ব্যবহারযোগ্য।  প্রচুর পুষ্টি উপাদান থাকায়  শুধু স্বাস্থ্যের জন্যই নয়,  দেশের অর্থনীতির জন্যও একটি আশাব্যঞ্জক ।

বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও প্যাশন ফল চাষের কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন কৃষিবিদরা।এটি সরাসরি কামড় দিয়ে বা ফল হিসেবে সাধারণ মানুষের কাছে অন্য প্রচলিত ফলের মতো জনপ্রিয় হয়ে ওঠেনি। এর স্বাদ অম্ল-মিষ্ট এবং জুস তৈরির জন্য এটি বেশি উপযোগী। ফলটি দ্রুত পচনশীল এবং এর সংরক্ষণকাল তুলনামূলক কম। পর্যটন এলাকায় কাঁচা ফল লবণ দিয়ে বিক্রি হলেও সাধারণ ভোক্তাদের মধ্যে এর চাহিদা এখনো সীমিত।

কেবল তাজা ফল বিক্রির বাজারের ওপর নির্ভর না করে প্যাশন ফলের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জুস, পাল্প এবং অন্যান্য প্রক্রিয়াজাত বেভারেজ পণ্যের বাজার গড়ে তুলতে হবে। রোদোজ্জ্বল ও উঁচু স্থানে সঠিক তাপমাত্রায় যত্ন নিলে দেশের যেকোনো অঞ্চলেই এর চাষ সফল করা সম্ভব।

প্যাশন ফল একাধারে সুস্বাদু, পুষ্টিকর এবং ক্ষুদ্র কৃষকদের জন্য কম জমিতে বেশি লাভ অর্জনের একটি দুর্দান্ত বিকল্প।

শাঁওলী সুমন