
মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের করা একটি মামলায় এবার বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ( ৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)। এর মধ্যে মহসিন সম্রাট উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনজনই স্থানীয় বিএনপির কর্মসূচিতে সক্রিয়। তাঁদের সবার বাড়ি ওসমানপুর ইউনিয়নে।
গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করে পুলিশ। দুটি ট্রাকে ১৫ হাজার ৫০ কেজি সার ছিল। এসব সার ট্রাক থেকে মাছ ধরার নৌযানে বোঝাই করার সময় জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করে পুলিশ। ওই দিন রাতেই এ ঘটনায় ১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন থানার উপপরিদর্শক মতিউর রহমান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে মহসিন সম্রাট, আজাহার উদ্দিন ও ফাবিয়াতুল ফারাবীর যোগাযোগ ছিল। এরই সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সার পাচারের চেষ্টার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া সার পাচারের ঘটনাটির সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবরের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যও মিলেছে। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করতে তাঁর একটি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শওকত আকবর উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পলাতক বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
প্রথম আলোর সৌজন্যে




