Spread the love

যে পেঁয়াজ প্রায়ই ক্রেতাকে কাঁদায়, সেই পেঁয়াজের উৎপাদনে এবার স্বস্তির খবর । অথচ প্রতিদিনের সবচেয়ে বড় ভরসা আলুর বাজারেই বাজছে নতুন বিপদের সাইরেন! বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত রিপোর্টে আমন আর পেঁয়াজে যেমন বড় উল্লম্ফনের সুখবর মিলেছে, ঠিক উল্টো পিঠে আলুর উৎপাদনে দেখা দিয়েছে নীরব ধস!


পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবছরে আমন ধানের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১ কোটি ৭৩ লাখ মেট্রিক টনে। আর যে পেঁয়াজের ঝাঁজে প্রায়ই বাজার গরম হয়, সেখানে উৎপাদন বেড়ে পৌঁছেছে ৩৮ লাখ টনেরও বেশি! ভুট্টার ফলনেও এসেছে দারুণ গতি।কিন্তু বিপদ ঘনিয়েছে নিত্যদিনের সবচেয়ে দরকারি খাদ্য—আলুতে! আবাদি জমি কমে যাওয়ায় আলুর উৎপাদন এক ধাক্কায় প্রায় তিন লাখ টন কমে, নেমেছে ১ কোটি ১২ লাখ টনে। কিছুটা কমেছে গমের উৎপাদনও। একদিকের স্বস্তি ঢাকা পড়ছে অন্যদিকের খাদ্যমূল্যের ঝুঁকিতে!


তবে এই মেগা উৎপাদনের আড়ালে লুকিয়ে আছে এক চরম বৈষম্যের ছবি। দেশের প্রায় ৪৫ শতাংশ কর্মক্ষম মানুষ যেখানে কৃষিতে যুক্ত, সেখানে নারী শ্রমিকের ঘামের দাম যেন পুরুষের চেয়ে অনেক কম!
বিবিএস জানাচ্ছে, ধান কাটার ভরা মৌসুমে একজন পুরুষ শ্রমিক যখন দিনে ৭২০ টাকা পেয়েছেন, একই রোদে পুড়ে সমপরিমাণ কাজ করে নারী শ্রমিক পেয়েছেন মাত্র ৫১০ টাকা! দিনপ্রতি ব্যবধান সরাসরি ২১০ টাকা। তিনবেলা খাবারসহ মজুরির ক্ষেত্রেও ছবিটা একই—বৈষম্যের তীব্র ফারাক।


স্ট্রবেরি কিংবা কলার মতো অর্থকরী ফসলে দেশ হয়তো নতুন দিগন্ত দেখছে, কিন্তু আমাদের নারী কৃষাণীদের প্রাপ্য অধিকার নিশ্চিত না হলে এই উতপাদন বাড়ার জোয়ার থাকবে কতদিন?