২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ফল রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ফল রপ্তানি করে বাংলাদেশ। এ ছাড়া জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, কুয়েত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সুইডেন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ও অঞ্চলেও ফল রপ্তানি করছে বাংলাদেশ।
‘আমসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আম ও আমজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে ২০২৩ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে আম ও আমজাত পণ্যের রপ্তানি সুযোগ ও বহুমুখীকরণ শীর্ষক সেমিনার আয়োজন করে ইপিবি। এ ছাড়া ২০২৫ সালের ২০ মে ইপিবির ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় আমচাষি, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
মন্ত্রী বলেন, ‘বিশেষ করে চীনে আম রপ্তানিসহ কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা দিয়েছে ইপিবি। ইপিবির সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের মেরিডিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিএসিসির নিবন্ধন পেয়েছে।’ তিনি জানান, সেফ ইন্টারন্যাশনাল করপোরেশন এবং এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের দাখিল করা প্রশ্নমালাও প্রক্রিয়াকরণ করে ২০২৩ সালের ৭ জুন চীনে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সেলরের কাছে পাঠানো হয়।



