Spread the love

খামারিদের পর্যাপ্ত সহায়তা দিলে ৫ বছরে সিফুড খাতে রফতানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ। আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে অনুষ্ঠিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল আহমেদ বলেন, গত পাঁচ বছর ধরে সিমস ও মানসম্মত পোনা উৎপাদন এবং খামারিদের মধ্যে বিতরণের মাধ্যমে আমরা বড় সাফল্য পেয়েছি। এ বছরও খামারিদের পোনা সরবরাহ করে ভালো ফল পাওয়া গেছে এবং আগামী বছর আরো বড় পরিসরে পোনা সরবরাহের লক্ষ্য রয়েছে। একসময় দেশের সিফুড খাত থেকে বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও তা এখন অনেক কমে এসেছে।

তিনি আরো বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি হলো অর্থায়ন ও জ্বালানি। আমি মনে করি, গ্রামীণ পর্যায়ের খামারিদের জন্য পর্যাপ্ত অর্থায়ন ও জ্বালানি সহায়তা নিশ্চিত করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রফতানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বলেন, ব্রিটিশ বা অন্য কোনো সফল কমিউনিটির আদলে আমাদের দেশেও নতুন বিজনেস লিডার ও সফল কোম্পানি মালিক গড়ে তুলতে হবে। দেশে হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) তৈরি এবং তাদের জন্য উদ্ভাবনমুখী নীতিসহায়তা ও উৎসাহ না দিলে সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব নয়। ব্রিটিশ কমিউনিটির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সঠিক নীতিসহায়তা দিলে বাংলাদেশেও নতুন বিজনেস লিডার ও সফল উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব।

বণিকবার্তার সৌজন্যে