Spread the love

একসময় যে পোস্তক্ষেতের আয় দিয়ে সারা বছর সংসার চলত, সেই চাষ বন্ধ হওয়ার পর এখন সন্তানদের মুখেই খাবার তুলে দিতে পারছেন না আফগান কৃষকেরা। পরিস্থিতি এমন, পেটের দায়ে আবারও নিষিদ্ধ আফিম চাষে ফিরছেন অনেকে।
একসময় বিশ্বের প্রায় ৮০ শতাংশ আফিম উৎপাদন হতো আফগানিস্তানে। চার বছর আগে আফিম চাষের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয় তালেবান। কিন্তু গম আর তুলার মতো বৈধ ফসল চাষ করে খরচ তুলতে না পেরে সংকটে পড়েছেন কৃষকেরা।


জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসির হিসাবে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দেশটিতে পোস্ত চাষের জমি বেড়েছে চার গুণেরও বেশি। এখন চাষ হচ্ছে প্রায় ৪৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও তালেবানের একসময়কার পোস্তমুক্ত বালখ প্রদেশেও ফিরেছে এই চাষ।

সংকটের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের ওপর। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, চলতি বছর আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১০টিতে শিশুদের অপুষ্টি পৌঁছেছে সংকটজনক পর্যায়ে। খরা, পানির সংকট, তুলার দাম পড়ে যাওয়া আর বিদেশি সহায়তা কমে যাওয়ায় বিকল্প জীবিকার পথও সংকুচিত হচ্ছে।

কিন্তু এই সংকট শুধু আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। পোস্ত চাষ বাড়তে থাকলে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে হেরোইনের সরবরাহ ও পাচার নতুন করে বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে ইউ্এনওডিসি।
তালেবানের নিষেধাজ্ঞা থামাতে পারেনি ক্ষুধার বিস্তার। আর এই ক্ষুধাই যদি আফগানিস্তানের পোস্তক্ষেতে ফেরায় আফিম, তার ঢেউ আছড়ে পড়তে পারে হাজার মাইল দূরের আন্তর্জাতিক মাদকবাজারেও।