Spread the love

ভোরবেলা নীল রঙের মায়াবী ফুলে ছেয়ে আছে দিগন্তজোড়া মাঠ, আর বিকেলের মৃদু বাতাসে সেই নীলিমা বিলীন হয়ে যাচ্ছে—। এমনই ছিল একসময়ের গ্রামীণ জনপদ। এটি ছিল অতিপরিচিত তিসি ক্ষেতের দৃশ্য।তিল, তিসি আর কাউন—বাংলার ঐতিহ্যবাহী এই তিন শস্যের নাম এক সময় একই নিঃশ্বাসে নেওয়া হতো। কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থার বিবর্তন আর অধিক মুনাফার দৌড়ে এই অমূল্য শস্যগুলো আজ বিলুপ্তপ্রায়। বিশেষ করে তিসি, যা তার অনন্য পুষ্টিগুণের কারণে বিশ্বজুড়ে এখন ‘সুপার ফুড’ হিসেবে স্বীকৃত, বাংলাদেশে তা হারিয়ে যেতে বসেছে।

 

তিসির বৈজ্ঞানিক নাম Linum usitatissimum. সংস্কৃতে একে বলা হয় ‘অতসী’, আর কবিরা এর নীল রঙের বন্দনা করেছেন ‘নীলপুষ্পিকা’ বা ‘সুনীলা’ নামে। শীতকালে  ফোটা এই তিসি ফুল দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। ১৫-২৫ মিমি আকারের পাঁচটি নীল পাপড়ি বিশিষ্ট এই ফুল ভোরে ফোটে আর বিকেলে ঝরে যায়। প্রাচীন মিশরে লিনেন কাপড় তৈরির মাধ্যমে এর যাত্রা শুরু হলেও, বর্তমান বিশ্বে এটি মূলত তেল ও পুষ্টিকর বীজ হিসেবেই বেশি সমাদৃত।

 

আধুনিক চিকিৎসা বিজ্ঞান তিসিকে শুধু একটি তেলবীজ নয়, বরং রোগ প্রতিরোধের এক মহৌষধ হিসেবে দেখছে। তিসির দানাকে বলা হয় ‘তৈলের ডিব্বা’।

এতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: সাধারণত সামুদ্রিক মাছে যে ওমেগা-৩ পাওয়া যায়, তার উদ্ভিজ্জ উৎস হিসেবে তিসি অতুলনীয়। এটি হৃদরোগ প্রতিরোধে এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে অভাবনীয় ভূমিকা রাখে।

রয়েছে প্রচুর পরিমাণ দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ, যা হজম শক্তি বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

 

প্রাচীনকাল থেকেই চর্মরোগ, হাঁপানি ও পিত্তজ্বর নিরাময়ে তিসি ব্যবহৃত হয়ে আসছে। আজও চুল ও ত্বকের যতেœ তিসির তেল অপ্রতিদ্বন্দ্বী।

 

এক সময় বাংলাদেশের সরিষা ক্ষেতের পাশে নীলাভ তিসি ক্ষেত চোখে পড়লেও এখন তা বিরল। এর প্রধান কারণগুলো হলো:

বোরো ধানের প্রাধান্য। অধিক ফলন ও নিশ্চিত মুনাফার আশায় কৃষক তিসির বদলে হাইব্রিড ধান চাষে ঝুঁকেছে।

তিসি চাষ ও পরবর্তী রক্ষণাবেক্ষণে শ্রম বেশি লাগে, যা বর্তমান সময়ের কৃষকদের কাছে নিরুৎসাহিত করার মতো একটি কারণ।

 

সস্তা ভোজ্য তেলের ভিড়ে তিসির তেলের বাণিজ্যিক বাজার গড়ে ওঠেনি।

তিসি কেবল একটি ফসল নয়, এটি জলবায়ু পরিবর্তনের এই যুগে বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা। এটি খরা ও লবণাক্ততা সহিষ্ণু, তাই চরাঞ্চল ও প্রতিকূল পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। মাছের তেলের বিকল্প ওমেগা-৩ এবং হার্টের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় তিসি যোগ করার মাধ্যমে আমরা যেমন সুস্থ থাকতে পারি, তেমনি কৃষকদের উৎসাহিত করার মাধ্যমে ফিরিয়ে আনতে পারি মাঠের সেই হারিয়ে যাওয়া নীল মায়া।

শাওঁলী সুমন