Spread the love

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি উদ্ভাবনের পেটেন্টিং প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্যিকীকরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (এইচইএটি) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টেকনোলজি ট্রান্সফার অফিস (বিএইউ-টিটিও) শক্তিশালীকরণের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বাকৃবিতে উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে হস্তান্তর কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

হিট সাব-প্রজেক্টের ব্যবস্থাপক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য অধ্যাপক ড. মো. শাহেদ রেজার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং এসিআই ফার্টিলাইজারের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষিবিদ বশির আহমেদ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট সাব-প্রজেক্টের সহকারী ব্যবস্থাপক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর। স্বাগত বক্তব্য দেন বাউরেসের সহকারী পরিচালক এবং হিট সাব-প্রজেক্টের সদস্য অধ্যাপক ড. জাভিদুল হক ভূঁইয়া। প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং ডিপিডিটির পরিচালক ড. অশোক কুমার রায়। এছাড়াও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।