
সরকারকে না জানিয়ে যারা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে তাদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র ও পাট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারে (জেডিপিসি) অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনেকেই বলেছেন সরকারের অনুমোদন ছাড়া তেলের মূল্যবৃদ্ধির ঘটনা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে। উপদেষ্টা বলেন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ব্যবস্থা নেয়া হবে।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল ৯ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কোম্পানিগুলোর সম্মিলিত এ কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই।’
ক্রয় কমিটিতে টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন এবং এক কোটি লিটার রাইস ব্রান অয়েল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছেন, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদের তেল দিয়েছেন। বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেয়ার আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে।’
ব্যবসায়ীরা দাবি করছেন যে বিশ্ববাজারে সয়াবিন, পাম তেল এবং সূর্যমুখী তেলের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম বাড়াতে হচ্ছে। তাছাড়া তারা দাবি করেছেন শুল্ক ও অন্যান্য ব্যয়ও বেড়েছে।
তবে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণের জীবনে দুর্গতি বৃদ্ধি করে আবার সরকারকেও অস্বস্তিতে ফেলে।




