
এবার সার সংকটের বলি হলেন একজন কৃষি কর্মকর্তা । কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।
আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ দিয়ে বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি। কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।




