
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা মেলা ও বসন্ত উৎসব। শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন। নানা প্রকার আর নানা স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভিড় করে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পিঠা উৎসবে তালবড়া, চিকেনপুলি, পাকান, জামাই পিঠা, নকশী পিঠা, কাঠ গোলাপ, মালাই রোল, ললিপপ, চন্দ্রপুলি, ফুলপিঠা, মুড়ি, মুড়কি, পাটিসাপটাসহ নানান গড়নের পিঠায় সাজানো হয়েছিল স্টলগুলো। নতুন ও ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে সেখানে ভিড় করেন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পিঠা মেলার পাশাপাশি পরিবেশন করা হয় বসন্তের গান, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে। শিশুদের অংশগ্রহণে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের জন্য খুবই আনন্দের। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।





