Spread the love

ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে গিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু । সরজমিনে দেখলেন  কয়েকটি মুরগি ও বাচ্চা পালনের শেড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি জনবল সংকটও চোখে পড়ায় এসব সমস্যা দ্রুত দূর করার নির্দেশনা দেন তিনি। এ সময় কর্মচারীরা যথাসময়ে অফিসে আসছেন কি না এবং উপস্থিতির হার কেমন- সেটিও তদারকি করেন প্রতিমন্ত্রী।

একদিনের মুরগির বাচ্চা উৎপাদনের খামার  পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উন্নয়নের জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। খামারের ব্যবস্থাপনা সুন্দর ও কার্যকর করার পাশাপাশি উৎপাদন আরও বাড়াতে হবে। তিনি বলেন, এখান থেকে উৎপাদিত মুরগির বাচ্চা প্রান্তিক খামারিরা সংগ্রহ করে লালন-পালন ও বিক্রি করেন। ফলে বাচ্চার উৎপাদন যত বাড়বে, প্রান্তিক খামারিরাও তত বেশি লাভবান হবেন। এর মাধ্যমে দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণেও ভূমিকা রাখা সম্ভব হবে।

মুরগির বাচ্চার বাজারে অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ খামারে বাচ্চার উৎপাদন বাড়ানো গেলে বাজারে বাচ্চার সংকট ও অস্থিতিশীলতা কমাতে সহায়তা করবে। এ জন্য উন্নত জাতের বাচ্চা উৎপাদন ও প্রান্তিক খামারিদের মধ্যে সরবরাহ কার্যক্রম আরও জোরদার করতে হবে।