
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় ভুট্টা উৎপাদক দেশ ফ্রান্সে তীব্র খরা ও তাপপ্রবাহের কারণে ভুট্টার উৎপাদন কমে যেতে পারে। চলতি অর্থ বছরে ফ্রান্সে ২০২৬-২৭ মৌসুমে ৫০ বছরে সবচেয়ে কম ভুট্টা উৎপাদন হওয়ার আভাষ দিয়েছে ইউএসডিএ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা সংস্থা (এফএএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।
ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় ভুট্টা উৎপাদক দেশ। চলতি বিপণন বছরে দেশটিতে ভুট্টা উৎপাদন আগের বছরের তুলনায় ৫০ শতাংশ কমে ৭০ লাখ টনের নিচে নামতে পারে।
এফএএস জানায়, মে মাসে শুরু হওয়া খরা ও টানা পাঁচ দফা তাপপ্রবাহে ভুট্টার খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। সুপেয় পানির সরবরাহ ঠিক রাখতে সেচে বিধিনিষেধ আরোপ করায় সেচ সুবিধাভুক্ত জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রতি হেক্টরে ফলন কমে ৬ দশমিক ৫ টনের নিচে নামতে পারে, যা পাঁচ বছরের গড়ের চেয়ে ৩০ শতাংশ কম।
এছাড়া সমগ্র ইইউতে ভুট্টার মোট উৎপাদন ১৫ শতাংশ কমে ৪ কোটি ৮২ লাখ টনে নামতে পারে। এটি একবিংশ শতাব্দীতে অঞ্চলটির সর্বনিম্ন উৎপাদন। ঘাটতি মেটাতে ইইউর আমদানি বেড়ে ২ কোটি ৩২ লাখ টনে উঠতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের সরবরাহ কমায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে আমদানি ২২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বণিকবার্তার সৌজন্যে




