Spread the love

কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন  কৃষিমন্ত্রী  আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত, তাই সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে। ।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে উল্লেখ করে আমিন উর রশিদ বলেন সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

কৃষিমন্ত্রী ঘোষণা দেন, কুমিল্লা অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।

সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।