Spread the love

আগে চালের দাম বৃদ্ধির দায় চাপিয়েছিলেন পদ্মা সেতুর ওপর । তার সমােলোচনা উঠায় এবার ব্যাখ্যাও দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ।  আজ রোববার সচিবালয়ে তিনি বলেছেন ” কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে , এসব কাজে অপরিণামদর্শী খরচ হয়েছে। আর ১৫ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৪৬ শতাংশ। এসব কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে। আর এসবের প্রভাব পড়েছে চালসহ নিত্যপণ্যের বাজারে ।“

 

‘আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত বলেছেন। সেখানে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু কি তাহলে অযাচিত প্রকল্প—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ২০০৮ সালে সরকারের ঋণ ছিল দুই লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার সময় এ ঋণ বেড়ে দাঁড়ায় ২৩ লাখ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ এ সময়ে সামগ্রিক দায় বেড়েছে। দরকার ছিল ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা; তা হয়নি। ঋণভিত্তিক ব্যয় কোনো আয় তৈরি করতে পারেনি। ফলে দীর্ঘমেয়াদি দায় তৈরি হয়েছে।

১৯ জানুয়ারি নেত্রকোনায় এক অনুষ্ঠানে তিনি পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে বলে মন্তব্য করেছিলেন।