
হাওরাঞ্চলে বোরো ধানের বাজারে বড় ধরনের দরপতন। গত বছর যে ধান প্রতি মণ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, এবার সেই ধানের দাম নেমে এসেছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। এমনকি জলাবদ্ধতায় কিছুটা কালো হয়ে যাওয়া ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। অন্যদিকে ধানের দাম কমলেও কমেনি চালের দাম। ফলে উৎপাদন খরচ তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন হাওরের লাখো কৃষক।

মাথার ঘাম পায়ে ফেলে ফলানো সোনালি ফসল এখন কৃষকের গলার কাঁটা! যে ধান ঘরে তুলে সারা বছরের সংসার চালানো ও পরের মৌসুমের চাষাবাদের খরচ মেঠানোর স্বপ্ন দেখেছিলেন, সেই ধানই এখন বিক্রি করতে হচ্ছে পানির দরে। হাওরের বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। অথচ গত বছরও একই ধান বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়।
শুধু বাজারদর কমে যাওয়াই নয়, উৎপাদন খরচের তুলনায় ধানের মূল্য কম হওয়ায় লোকসানের হিসাব আরও বাড়ছে কৃষকের খাতায়। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি, সব মিলিয়ে প্রতি মণ ধান উৎপাদনে খরচ প্রায় এগারোশ টাকা। অথচ সেই ধান বিক্রি করতে হচ্ছে ১ হাজার ২০ টাকায়। কৃষক আন্দোলনের নেতারা বলছেন, ধানের রং কিছুটা কালো হওয়ার অজুহাতে কম দামে ধান কিনছেন চাতাল ও মিল মালিকেরা। কিন্তু বাজারে চালের দাম কমানো হচ্ছে না। ফলে একদিকে কম টাকায় ধান বিক্রি করে লোকসান গুনছেন কৃষক, অন্যদিকে চালের বাজারে সেই প্রভাব না পড়ায় ভোক্তাদেরও বাড়তি টাকা গুনতে হচ্ছে।
তবে সরকারের খাদ্য ও কৃষি দপ্তরের কর্মকর্তারা বলছেন , প্রাকৃতিক দুর্যোগে ধানের মান নষ্ট হওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকায় ধানের চাহিদা ও ক্রয় কমেছে। ফলে বাজারে ধানের দাম কমেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিপণন বিভাগ। বাঁচার একমাত্র অবলম্বন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও চালের বাজারে নজরদারি চান অসম লড়াইয়ে পড়া হাওরের লাখো কৃষক।




