Spread the love

আসন্ন পবিত্র রমজানে সারাদেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হবে। অর্থাৎ, নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন।

একইসঙ্গে রমজানে পণ্যের সরবরাহ বাড়াতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। টিসিবির স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদেরও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্টকার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাসসের সৌজন্যে