
পটুয়াখালী জেলা জুড়ে এবার মুগডালের ব্যাপক ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বপন এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় মাঠজুড়ে সবুজের সমারোহে আশাবাদী হয়ে উঠেছে কৃষকরা। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় মুগডালের ক্ষেতগুলোতে গাছের সুস্থ বৃদ্ধি এবং ভালো ফলনের আভাস মিলছে।
চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় মোট ৮৬ হাজার ৬৯২ হেক্টর জমিতে মুগডালের আবাদ হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৮ হাজার হেক্টর।তরমুজের আবাদ কিছুটা বেড়ে যাওয়ায় মুগডালের আবাদ লক্ষ্যমাত্রার তুলনায় সামান্য কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাউফল উপজেলার বগা ইউনিয়নের ধাউড়াভাঙা এলাকার কৃষক শাহালম মীরা বলেন, গত বছরের তুলনায় এবার ফলনের আশা বেশি। বীজ, সার ও কীটনাশক সময়মতো পাওয়ায় চাষাবাদ করতে সুবিধা হয়েছে। খরচ কিছুটা বেশি হলেও ভালো ফলন হলে তা পুষিয়ে নেওয়া যাবে।
দশমিনা, রাঙ্গাবালী সহ সকল উপজেলার সবখানেই ফলন একইরকম, প্রাকৃতিক কোন দুর্যোগ না এলে কৃষকরা লাভের মুখ দেখবেন এমন আশাই সবার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মুগডাল একটি স্বল্পমেয়াদি ও লাভজনক ফসল হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে। এটি মাটির উর্বরতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে কৃষকদের মধ্যে এই ফসলের প্রতি আগ্রহও বাড়ছে।
কৃষি বিভাগ জানায়, মাঠ পর্যায়ে কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছে কৃষি বিভাগ। প্রয়োজনীয় পরামর্শ, উন্নত বীজ সরবরাহ এবং রোগবালাই দমনে কৃষকদের সহায়তা প্রদান করা হচ্ছে।





