Spread the love

কৃষি মন্ত্রনালয়ের পর এবার সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ( controlroom ) গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ।  দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে ডিএই-এর অফিস আদেশে বলা হয়েছে।  ডিএই’র মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে।

সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে ।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।এতে আরও বলা হয়, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন controlroom@dae.gov.bd  ই-মেইলে অথবা ‘DAE Control Room Daily information নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।