Spread the love

চট্টগ্রামে খাবারে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে স্থানীয় ব্র্যান্ড ফুলকলিসহ তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শনিবার সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ দণ্ড দেন।

জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অসংগতি ও অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, ডালডার মধ্যে পলিথিন ও ময়লা পাওয়া, ভাঙা ও অপরিচ্ছন্ন পিচ্ছিল মেঝে, টোস্ট পাউডার ও খামিতে মাছির উপস্থিতিসহ নানা অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া মার্জারিন সংরক্ষণের ফ্রিজের নিচে পানি জমে থাকা, চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহার, কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা এবং টোস্ট সংরক্ষণের স্থানে তেলাপোকার বিচরণ দেখতে পান আদালত। মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার বিষয়টিও উঠে আসে পরিদর্শনে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ডতফসিল অনুযায়ী ২৬ ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অন্যদিকে, শপিং ব্যাগ সুপারশপ পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নায় ব্যবহৃত তেলে ময়লা, আমদানি করা খাদ্যপণ্যে যথাযথ লেবেল না থাকা এবং শিশুদের খেলনা বিক্রির স্থানের পাশে মেজবানির মাংসের গরম পাতিল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ ছিটিয়ে রাখা এবং চা-মরিচ সংরক্ষণেও অসংগতি পান আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কাহওয়া ক্যাফেতে পরিদর্শনকালে কেকের ওপর মুরগির নখ, ময়লাযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খামি, খোলা অবস্থায় ময়লাযুক্ত ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাবাশির পাতি এবং পচা বিটরুট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার বিষয়টিও শনাক্ত করেন আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।