Spread the love

 

উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, “আদিবাসীদের খাদ্যাভাসকে দেশের সব মানুষের কাছে তুলে ধরতে এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এই আদিবাসী খাদ্য ও শস্য মেলা থেকে অনেক কিছু আমাদের জানার, শেখার ও বোঝার রয়েছে।”

এই মেলার মধ্য দিয়ে দেশে যে বাঙালি ছাড়াও ভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এবং বৈচিত্র্যময় খাদ্যভাস রয়েছে সেই বিষয়টি ফুটে উঠবে বলেও মনে করেন তিনি। রাজধানীর মিরপুর-১৩ নম্বরের পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে আজ শুক্রবার (৬ নভেম্বর) শুরু হয়েছে দুইদিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন ঢাকায় আদিবাসীদের জন্য একটি স্থায়ী বাজার গড়ে তোলার দাবি তুলে বলেন, “আমরা ঢাকায় চাইনিজ মার্কেটের কথা জানি। কক্সবাজারে রয়েছে রাখাইন মার্কেট। তাহলে ঢাকায় আদিবাসীদের জন্য কেন একটি পৃথক মার্কেট থাকতে পারে না? “আমরা সরকারের কাছে এমন একটি জায়গা বরাদ্দের দাবি জানাতে চাই, যেখানে সম্পূর্ণভাবে আদিবাসীদের পণ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে একটি স্থায়ী মার্কেট গড়ে তোলা হবে।”মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নারী বিষয়ক সংস্কার কমিশনের সাবেক প্রধান শিরিন পারভিন হক, অধিকার কর্মী মেইনথিন প্রমীলা, আয়োজক কমিটির সদস্য মিঠুন রাকসাম এবং পার্বত্য চট্টগ্রামের অধিকারকর্মী দীপায়ন খীসা উপস্থিত ছিলেন।

পঞ্চমবারের মত আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় নিয়ে এসেছে তাদের উৎপাদিত হরেকরকম ফসল ছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারের পসরা।পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল থেকে ডজন তিনেক স্টলে বিক্রি হওয়া এসব পণ্য ও শস্য কিনতে ও ভিন্নধর্মী খাবারের স্বাদ গ্রহণে মানুষের ছিল অন্যরকম আগ্রহ।মেলার স্টলগুলোতে পাওয়া যাচ্ছে পাহাড়ের জনপ্রিয় ব্যাম্বু শুট বা বাঁশকোড়ল, কচু, আলু, কুমড়া, শাক থেকে শুরু করে নানারকম ফল ও চাল। এছাড়া কলাপাতায় রান্না করা বিভিন্ন পদের হেবাঙ (ভাঁপে রান্না করা খাবার), অনেক সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী পাঁচনসহ পাহাড়-সমতলের আদিবাসীদের বানানো পিঠাও দর্শণার্থীদের রসনা তৃপ্তি মেটাচ্ছে।