Spread the love

পৌষের সকালে খেজুর রসের আকর্ষণে মানুষ খুঁজে বেড়ায় নিরাপদ খেজুর রস, নিপাহ ভাইরাসের কারণে খেজুর রসের প্রতি আকর্ষণ থাকলেও সংযম দেখান অনেকেই। আবার অনেকেই এর মাঝে নিরাপদ রস খুজে বেড়ান। অনেকেই সকালে খেজুরের রস খেতে দূর-দূরান্তে ছুটে যান। সকালের রসের আহবানে শীতকে উপেক্ষা করে মানুষ ছুটে যায় খেজুর বাগানে।

কিন্তু নগরীতে এ দৃশ্যের দেখা মেলা কঠিন। তবে নারায়ণগঞ্জ শহরের কবিলের মোড় এলাকায় এসে দেখা মেলে সারি সারি খেজুর গাছ, বাগানের নাম ‘রস বাগিচা’। খেজুর রসের টানে আশেপাশের জেলা ও শহর থেকে প্রতিদিন মানুষ ছুটে আসে এই খেজুর বাগানে।

জেলার সাতজন তরুণ সম্মিলিত প্রচেষ্টায় শহরের মাঝে গড়ে তুলেছে এই বাগান। এখানে প্রায় ৪৬টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এখানে রস প্রেমীদের সামনেই গাছ থেকে খেজুর রস নামিয়ে সরবরাহ করা হয়। বিশুদ্ধ রস বিক্রি করে ইতোমধ্যে তারা বেশ সুনাম কুড়িয়েছেন।
সকাল থেকেই খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেন গাছিরা। প্রতিদিন অন্তত ১৫০ থেকে ২০০ লিটার খেজুরের রস বিক্রি হয়। প্রতি লিটার ১৭০ টাকা দরে বিক্রি করা হয়।

প্রতিদিন নারায়য়ণগঞ্জের আশেপাশের জেলা থেকে রস প্রেমীরা ছুটে আসেন বিশুদ্ধ রসের সন্ধানে। ভোক্তাদের চোখের সামনেই রস সংগ্রহ করায় তারা বিশুদ্ধতার বিষয়টি নিশ্চিত থাকেন। সেই সঙ্গে বাদুড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিটি হাঁড়ি ঢেকে রাখা হয়।

নগরের মধ্যে এমন অয়োজন আসলেই অসাধারণ, নিরাপদ রসের সরবরাহ নিশ্চিত করতে দায়িত্বশীল উদ্যোক্তারা সবার প্রিয়ভাজন হয়ে উঠেছেন।