বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন , ‘সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষত প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন যাতে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) সঙ্গে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। পাটচাষিরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেদিকেও নজর রেখে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী ।

শরীফুল আলম বলেন দেশের বন্ধ থাকা পাটকল দ্রুতভাবে পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু করলে মানুষের কর্মসংস্থান বাড়াবে ও অর্থনীতিকে গতিশীল করবে বলে জানিয়েছেন তিনি । মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন। এরপরে প্রতিমন্ত্রী ঘোড়াশাল উপজেলার ‘বাংলাদেশ জুট মিলস ও প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন,’ বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্দেশ্যে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া এবং ইওআই (EoI) বিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করতে পরিকল্পনা নিয়েছে, যাতে দেশের অর্থনীতিতে গতি আসে। এটা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির একটি।’



