
চরের মানুষের জীবন-মান বদলে দেয়া আর কৃষিনির্ভর উত্তরাঞ্চলে ‘রুরাল ইকো-ট্যুরিজ ‘এর বিকাশ ঘটানোর প্রত্যয়ে আগামীকাল শনিবার ( ২৫ জুলাই ) থেকে শুরু হচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৬ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ।একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় দুদিনের এই সম্মেলনে প্রতি বছরের মতো এবারও বিগত বছরের সাফল্য ও অগ্রগতির পর্যালোচনা করা হবে। একই সাথে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হবে।

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক জানিয়েছেন এবারের সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ স্থান পাচ্ছে। বিশেষ করে চরাঞ্চলের উন্নয়ন, অভিনব প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকে পর্যটনের সাথে যুক্ত করার বিষয়গুলো সবচেয়ে বেশি জোর পাচ্ছে। আরডিএ-এর অন্যতম একটি আকর্ষণীয় উদ্যোগ হলো ফ্লাইহুইল (Flywheel) পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন। যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছানো কঠিন, সেখানে গত এক যুগ ধরে এই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে বলেও উল্লেখ করেন একাডেমির মহাপরিচালক।

সম্মেলনের উদ্বোধনী দিনে এই গবেষণার ফলাফল প্রথমবারের মতো উপস্থাপন করা হবে। এটি সফল হলে চর ও হাওর অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে আশা করছেন একডেমির গবেষকরা। কৃষিনির্ভর উত্তরাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে ‘রুরাল ইকো-ট্যুরিজম’ নামের একটি নতুন প্রোগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ডের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী অর্থবছরে এই প্রকল্পটিকে আরও বিস্তৃত করা হবে। এর পাশাপাশি কৃষিভিত্তিক পণ্যের বাণিজ্যিকীকরণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ চরাঞ্চলে বাস করেন। এই বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষায় আরডিএ ‘প্রোডাক্টিভিটি মাস্টারিং’ বা উৎপাদনশীলতা বৃদ্ধির বিশেষ উদ্যোগ নিয়েছে। সেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। একই সাথে চরাঞ্চলে সৌরবিদ্যুৎ সরবরাহ এবং বজ্রপাতের হাত থেকে সুরক্ষায় বিশেষ পরিমাপক ব্যবস্থা বসানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। কৃষিকাজে সারের সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার পরিকল্পনাও এই সম্মেলনে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানিয়েছেন মহাপরিচালক।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আরডিএ বগুড়ার এই বার্ষিক সম্মেলন গ্রামের মানুষের আর্থ-সামাজিক অবস্থা বদলে দিতে সাহায্য করবে। ফ্লাইহুইল প্রযুক্তি ও ইকো-ট্যুরিজমের মতো সময়োপযোগী উদ্যোগগুলো গ্রাম বাংলায় নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা করছেন একাডেমির কর্মকর্তা ও গবেষকরা।





