
কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি খাতের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, ক্ষুদ্র কৃষকদের সহায়তায় সরকার ১০ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে। এতে কৃষকদের আর্থিক চাপ কমবে এবং উৎপাদনে নতুন উদ্দীপনা তৈরি হবে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষি কার্ড চালুর কাজও চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে কৃষকদের তথ্যভাণ্ডার তৈরি এবং সরকারি সহায়তা কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।আজ সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য ও মুক্ত আলোচনা পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





