
গোপালগঞ্জ জেলায় পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাসস জানায় ১৯ ফেব্রুয়ারি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয় ও পরিবেশন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর ৩১ জন কর্মী অংশ নেন।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন এবং কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেনসহ আরো অনেকে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বলেন,‘রমজান উপলক্ষে নিরাপদ ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন ও বিক্রয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী প্রস্তুত করবেন। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইফতার সামগ্রী সংরক্ষণ, পরিবেশন ও বিপণন করবেন। এতে মানসম্মত নিরাপদ ইফতার সামগ্রী নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।’
(বাসস )




