Spread the love

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।এছাড়া, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন তিনি।আজ শনিবার (১৪ নভেম্বর) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে। প্রধানমন্ত্রী কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকদের পাশে দাঁড়াতে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ এখানে উপস্থিত হয়েছেন।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি ৪০ কেজি ধান বিক্রি করে একজন কৃষক ১ হাজার ৪০০ টাকা পাবেন।

আজ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষকরা। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।