
বাংলাদেশে প্রতি হেক্টর জমিতে গড়ে ৩৯১ দশমিক ৯ কেজি সার ব্যবহার করা হয়, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণের বেশি। দেশে সার উৎপাদনের জন্যও গ্যাস প্রয়োজন। এরই মধ্যে ছয়টি ইউরিয়া সার কারখানার পাঁচটিকে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ইউরিয়ার দামও বেড়েছে প্রায় ৩০ শতাংশ। বিশ্বব্যাংকের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে সারের দাম দ্বিগুণ হতে পারে।

এদিকে দেশের বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী মিলছে না সার।খোলা বাজার থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে কৃষককে। সার পর্যাপ্ত মজুত থাকলেও ষড়যন্ত্রকারীরা নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। এছাড়া ডিলারদের একটি অংশ যথাযথভাবে বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে এমনটি বলছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী। আর খাদ্যমন্ত্রী বলছেন, সার সরবরাহ ও সঠিক ব্যবহারে সমস্যা রয়েছে।

সার নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। একদিকে কৃষকের আবাদি জমির তুলনায় সারের বরাদ্দ কম। অন্যদিকে নিয়মিত খোলা থাকে না সরকার নির্ধারিত পরিবেশকদের বিক্রয়কেন্দ্র। কৃত্রিম সংকট তৈরি হওয়ায় খোলা বাজার থেকে কৃষককে সার কিনতে হচ্ছে বাড়তি দামে। এমন পরিস্থিতিতে দিশেহারা আমন চাষি।

তবে এ সংকট মোকাবিলায় নড়েচড়ে বসেছে সরকার। শনিবার দুপুরে পঞ্চগড়ে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত সার মজুত থাকলেও ডিলারদের একাংশ সঠিকভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।এদিকে, ফরিদপুরে কৃষিমন্ত্রী বলেন, সার নিয়ে ষড়যন্ত্রকারীরা নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। কৃষকের কথা মাথায় রেখে এমন ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি। এছাড়া, মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী বলেন, দেশে সারের সংকট না থাকলেও সরবরাহ ও সঠিক ব্যবহারে সমস্যা রয়েছে। তবে মন্ত্রীরা মুখে সার সংকটকে উড়িয়ে দিচ্ছেন বা কৃত্রিম ষড়যন্ত্রের কথা বললেও এরই মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি করেছেন সারের বিষয়গুলো সমন্বয় করার জন্য। ফলে সরকার যে সার নিয়ে উৎকন্ঠায় আছে তা পরিস্কার। আমন চাষের ভরা মৌসুমে বিশেষ করে পটাশিয়াম ও ডিএপি সারের সংকট তীব্র হলে তা যে আমন উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে তা পরিস্কার। তাই সরকারকে সার সরবরাহ ব্যবস্থায় মনযোগী হবার কথা বলছেন বিশ্লেষকগন।

শুধু সার সংকট নয়, খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রীরা।



