
ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত কৃষিঋণ মওকুফ সুবিধার আওতায় এসেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র ৮ হাজার ৮৪৩ জন সদস্য।
সরাসরি কৃষিকাজে নিয়োজিত এই বিপুলসংখ্যক সদস্যের ঋণের দায়ভার লাঘব হওয়ায় বাহিনীর তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে।
রাজধানীর রাজারবাগে আনসার-ভিডিপি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মোফাজ্জল হোসেন।
তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম পর্যায়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম সরকার গঠনের পাশাপাশি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, সারাদেশে আনসার ও ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে। এর মধ্যে অল্পসংখ্যক সদস্য সরকারি চাকরিতে নিয়োজিত। তাদের প্রায় ৯৮ শতাংশই সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত। ফলে কৃষিঋণ মওকুফের সুবিধায় আনসার-ভিডিপির ৮ হাজার ৮৪৩ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এ জন্য সরকারের প্রায় ৭ কোটি টাকা ব্যয় হবে।
বাসসের সৌজন্যে





