
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাতের ইতিবাচক ভূমিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এ ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।




