Spread the love

আপনারা কী সাবিত্রীর নাম জানেন? সাবিত্রী  হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের  জেলা মেহেরপুরের এক ঐতিহ্যবাহী মিষ্টির নাম। এই  মিষ্টি তৈরি হয় দুধের চাঁছি হতে। এই মিষ্টিতে অন্যান্য মিষ্টির মতো রস না ঠেকলেও ভেতরটা বেশ রসালো।

সাবিত্রী মিষ্টির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো স্বাভাবিক তাপমাত্রায়ও এর স্বাদ দীর্ঘদিন ধরে অটুট থাকে।

প্রায় দেড় শতাধিক বছর পূর্বে ১৮৬১ সালে  মেহেরপুর শহরের  জনৈক বাসুদেব, সাবিত্রী নামক এ মিষ্টি তৈরি করেন। খড়, টালি ও টিন দিয়ে নির্মিত তাঁর বাড়ির একাংশে মিষ্টির দোকানে তৈরি করেন এ মিষ্টি। সে অঞ্চলের জমিদার সুরেন বোসের জমিদার বাড়ির সিংহ ফটকের সামনে অবস্থিত ছিল বাসুদেবের সাবিত্রী এবং রসকদম্বের দোকান। জমিদার বাড়ির অতিথিদের সাবিত্রী আর রসকদম্ব দিয়ে আপ্যায়ন করা হতো। বর্তমানে দোকানের সে স্থানটিতে ‘বাসুদেব গ্র্যান্ড সন্স’ নামের মিষ্টির দোকান পরিচালনা করছেন প্রয়াত বাসুদেবের দুই নাতি বিকাশ কুমার সাহা ও অনন্ত কুমার সাহা। তাছাড়া এই মিষ্টি তৈরিতে বংশপরম্পরায় বাসুদেবের বংশধরদের ছাড়া বাইরের কাউকে নিয়োগ দেওয়া হয় না।

সাবিত্রী মিষ্টির উদ্ভাবক বাসুদেব সাহা এই মিষ্টি তৈরিতে নির্ভেজাল উপকরণ ব্যবহার করতেন। খাঁটি বা নির্ভেজাল অর্থে সতী-সাবিত্রী  শব্দ ব্যবহার করা হয়। একারণে এ মিষ্টির নামকরণ করা হয় সাবিত্রী।

এই মিষ্টি কিনতে হলে অন্তত একদিন আগেই অর্ডার দিতে হয়। মেহেরপুরের ঐতিহ্যের সাথে যুক্ত হয়ে আছে এই মিষ্টির নাম॰।

যদি কখনো মেহেরপুর যান, এই মিষ্টির  স্বাদ নিতে ভুলবেন না কিন্তু।

(ক্ষেতেপাতে ডেস্ক)