
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তীর্ণ কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারের হাজী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমকে সমুদয় জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি বাজার এবং সিরাজদীখান বাজারে কীটনাশক ও সারের বিভিন্ন ডিলারের প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদনহীন বাসুডিন ৬২ কেজি, গ্রোজিংক ৭০ কেজিসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ পাওয়া যায়, যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।





