Spread the love

চালের বাজারের মূল্য ওঠানামা নিয়ন্ত্রণে গবেষণায় সরু চালের ওপর থেকে অবিলম্বে আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে, ধানের সর্বোচ্চ গুণমান নিশ্চিত করতে সরকারের উচিত প্রতিটি অঞ্চলে স্বয়ংক্রিয় ধান শুকানোর যন্ত্র (প্যাডি ড্রায়ার) স্থাপন করা । রাইস মিলগুলোকে এই মেশিন স্থাপনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) ড. মো. সেলিম আল মামুন কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে গত ২১ জানুয়ারি এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল উপস্থাপনা  করেন।

বাজার পরিচালনার বিষয়ে গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে, কর্তৃপক্ষ নির্দিষ্ট শর্তে মিলারদের ধান মজুত করার অনুমতি দেবে ।  যেখানে তাদের প্রতি ১৫ থেকে ৩০ দিন অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ চাল বাজারে ছাড়তে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দ্বারা পর্যবেক্ষণ করা উচিত বলে মত দেয়া হয়। একই সঙ্গে সমস্ত লেনদেন ব্যাংকের মাধ্যমে হওয়া উচিত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভুট্টা চাষের ওপর থেকে প্রণোদনা প্রত্যাহার এবং রাইস ব্র্যানের ওপর থেকে রপ্তানি শুল্ক কমানো বা প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংরক্ষণ সুবিধার সীমাবদ্ধতার কারণে কৃষকরা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন-এই বিষয়টি মাথায় রেখে অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গবেষণায় । বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিট ও গভর্নরের দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশে কৃষি পণ্যের ভ্যালু চেইন দক্ষতা (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়।

গবেষণার আওতায় জরিপে ১৮ জেলার ৬১টি উপজেলার পাঁচটি কৃষিপণ্য-ধান/চাল, আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি ও ডিম পর্যালোচনা করা হয়। জরিপটি ২০২৫ সালের ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত পরিচালিত হয়।