Spread the love

সারাবিশ্বে ভ্যানিলার জয়জয়কার দেখে এর চাষে আগ্রহী হন সারোয়ার হোসেন, এ বিষয়ে নিজে থেকেই বলেছেন সারোয়ার  হোসেন 

আমি যখন অন্যান্য চাষের পাশাপাশি দেখতে পেলাম যে সারাবিশ্বে ভ্যানিলার একটা ব্যাপক চাহিদা রয়েছে এবং তখন থেকেই বিষয়টি আমার মাথায় ঘোরে যে, আমাদের বাংলাদেশে ভ্যানিলা চাষ করা যায় কিনা। খোঁজ নিয়ে দেখলাম, ভ্যানিলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে প্রায় ১৮৩ বছর আগে। অথচ আমাদের দেশে এখনো কেন ভ্যানিলা হয়নি বা এ নিয়ে কোনো চেষ্টাই করা হয়নি! তাই আমি নিজে থেকেই উদ্যোগ নিলাম। আমার সঙ্গে বাংলাদেশের আরও পাঁচ-ছয়জন উদ্যোক্তা যুক্ত হলেন; যার মধ্যে বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা, সিলেটের আবুল খায়ের এবং চুয়াডাঙ্গার কবিরসহ অনেকেই আছেন। আমরা সবাই মিলে প্রায় এক-দুটি বছর আগে থেকেই ভ্যানিলাটা নিয়ে কাজ শুরু করলাম।

এভাবেই মূলত আমাদের দেশে লাভজনক একটি ফসলের চাষ শুরু হলো—যাতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারি। প্রথমত আমি দুটি গাছ নিয়ে কাজ শুরু করলাম, কিন্তু প্রথম চারাগুলো মারা গেল। এরপর আমি আরও পরিকল্পনা করে একসাথে ৫০টি চারা নিয়ে কাজ শুরু করলাম। এই ৫০টি গাছের চারা মূলত যে দেশ থেকে আনা, আমাদের তিনবিঘা করিডোরের আব্দুল আলিম ভাই, যিনি চারা-বীজের ব্যবসা করেন, তাঁর কাছ থেকেই এগুলো সংগ্রহ করা হয়েছিল। তিনি বিদেশ থেকে আমাদের এই গাছগুলো এনে দেন।

এরপর আমরা আমাদের প্ল্যান্ট থেকে—যেহেতু নজরুল ভাইয়ের একটি প্ল্যান্ট ছিল—সেখান থেকেও কিছু চারা এখানে নিয়ে আসি। আবার আমার এখান থেকে কিছু চারা নজরুল ভাইকেও দিই। বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের ইন্দোনেশিয়ান ভ্যারাইটির কিছু চারা আমরা নিয়ে আসি এবং সেখান থেকে ফাহিম সাহেবের ওখানেও কিছু পাঠাই। এভাবেই আমাদের মাঝে চারা আদান-প্রদানের মাধ্যমে এখন বাগানটি বেশ বড় হচ্ছে। ৫০টি দিয়ে শুরু করেছিলাম, এখন আমার এখানে মোট ১৫০ থেকে ১৬০টি গাছ রয়েছে। ধাপে ধাপে আমি চাচ্ছি এটিকে বাণিজ্যিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে।

এবার আমার বাগানটিতে হার্ভেস্ট হবে। চার বছর পেরিয়ে গেছে, বাগান বেশ পরিপক্ব। ৫০টি গাছে এখনো সবগুলোতে ফুল-ফল আসেনি, ১৭টি গাছে এসেছে। সেখানে প্রায় ১,১০০-এর মতো ফুলে আমরা কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন করিয়েছিলাম। এর মধ্যে প্রায় ৯০০ ফুল সফলভাবে পলিনেশন হয়েছে, আর ২০০-এর মতো এদিক-সেদিক হয়ে নষ্ট হয়েছে। মে মাসের তাপমাত্রাটা যখন বেশি ছিল, তখন আমরা সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করে ইরিগেশন বা সেচ দিতে পারিনি। সেই কারণে হয়তো ৬০-৭০ শতাংশ ফল টিকে গেছে। এখন আমাদের প্রায় ৩৫০-এর মতো ফল আছে, যা ইনশাআল্লাহ আমরা হার্ভেস্ট করব।

হার্ভেস্ট করার পরে আমরা যে ড্রাইংয়ের প্রক্রিয়াটি, সেই ড্রায়িং বিনটা আমাদের নিজস্ব উপায়ে তৈরি করব এবং এর পরীক্ষা-নিরীক্ষাও করাব। যাতে বিদেশি বাজারে এটা আমাদের উপযুক্ত দামে বিক্রি করা যায় এবং সেটা আমাদের সামনেই দেখতে পাব। বিগত চার বছর ধরে আমরা ভ্যানিলার গাছ ও এর কোয়ালিটি নিয়ে কাজ করছি। যশোরের যে তাপমাত্রা, তাতে আমার বাগানে পরীক্ষা করে দেখা যাচ্ছে—বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রচুর পরিমাণ আম বাগান, আমবাগান, কাঁঠালবাগান রয়েছে, সেগুলোর ছায়া বা ক্যানোপি ব্যবহার করে ভ্যানিলা গাছ প্রাকৃতিকভাবে আমাদের দেশে ফলানো সম্ভব কি না। সেভাবে আমি বাগানে করেছি এবং অন্যরাও অনেক জায়গায় নেটশেডে করছেন। সবারই বেশ ভালো ফলাফল এসেছে, আলহামদুলিল্লাহ।

গতবার আমরা কিছু পড হার্ভেস্ট করেছিলাম, তবে সেগুলোর মান ও পরিপক্বতা সেভাবে দেখানোর মতো ছিল না, কারণ তখন আমরা অতটা পাকাও ছিলাম না।

আমি আশা করছি, আমার এখানে ৫ থেকে ৭ কেজি কাঁচা বিন হবে এবং সেখান থেকে ড্রাই করলে প্রায় ১ থেকে দেড় কেজি মতো শুকনা বিন পাওয়া যাবে। যার সি গ্রেডের বাজারমূল্য আন্তর্জাতিক ও বর্তমান বিশ্ববাজারে ৮ হাজার টাকা থেকে শুরু করে ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। গ্রেড অনুযায়ী এর দাম নির্ধারিত হয়। নরমাল যদি সি গ্রেড হয়, তবে ৮,০০০ টাকা থেকে শুরু হয়, আর বি গ্রেড বা এ গ্রেড হলে দাম অনেক বেশি হয়।

আমাদের দেশে বায়ার বা ক্রেতা সেভাবে এখনো তৈরি হয়নি। আর বায়ার তৈরি হতে গেলে তো প্রচুর প্রোডাকশন বা উৎপাদন লাগবে। আমরা যদি পর্যাপ্ত উৎপাদন করতে না পারি, তাহলে বিদেশি ক্রেতারা কেন আসবে? তবে এখন আমরা আল্লাহর রহমতে বলতে পারি আমরা সফল, কারণ আমাদের গাছ হয়েছে এবং ফ্লেভারও এসেছে। এখন সঠিক প্রক্রিয়াজাতকরণ বা প্রসেসিংটা সফলভাবে করতে পারলে ভ্যানিলা নিয়ে আমরা আরও অনেকদূর এগিয়ে যেতে পারব।

যদি চার কেজির মতো কাঁচা বিন থেকে এক থেকে দেড় কেজি শুকনা বিন পাওয়া যায়, আর বেশিরভাগ বিনই যদি এ-গ্রেড বা বি-গ্রেডের হয় (সি-গ্রেডের পরিমাণ কম থাকে), তবে গড়ে প্রতি কেজি যদি ২০ থেকে ২৫ হাজার টাকা করেও বিক্রি করা যায়, তবুও এই ১৭টি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।

খরচের কথা বলতে গেলে, প্রথম যখন করেছিলাম, তখন ওই ৫০টি গাছের পেছনে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়েছিল। তখন আমরা অনেক কিছু কম জানতাম। এখন যেগুলো করছি, তাতে খরচ আরও কমিয়ে এনেছি।

আমাদের স্থানীয় যেসব ইনগ্রেডিয়েন্টস বা উপাদান রয়েছে, যেমন—কোকোপিট, ধানের তুষ, কয়লা, আড়ার সয়েল বা জৈব সার—এই আটটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে কলাপাতা বা গাছের চিপসের মাধ্যমে আমরা নিজস্ব মিডিয়া তৈরি করে গাছ রোপণ করেছি। কোকোপিটের মাত্রা একটু কমিয়ে দেওয়া হয়েছে যাতে গাছের রুট বা শেকড় পচে না যায় (কারণ অতিরিক্ত কোকোপিট পানি ধরে রেখে রুট পচিয়ে দেয়)। অন্যান্য উপাদানগুলো ১% করে দিয়ে মোট আটটি উপাদানের মিশ্রণে আমরা ভ্যানিলা রোপণ করছি। এতে আমাদের খরচ অনেকটাই কমে এসেছে।

ওই ১৫০-১৬০টি গাছের পেছনে আমার মোট চার লাখ টাকার মতো খরচ হয়েছে (শেড বাদে)। আর যদি এক বিঘা জমিতে প্রপার শেডে (৩৩ শতাংশ জমিতে) ভ্যানিলা চাষ করা হয়, তবে প্রথম ধাপে ১৫ থেকে ১৭ লাখ টাকার মতো খরচ হতে পারে। পরবর্তীতে প্রতি বছর দুইবার আমরা গাছে অর্গানিক খাবার দিতে পারি। কোকোপিট, ধানের তুষ, কয়লা, আড়ার সয়েল, জৈব সার—এই আটটি উপাদান দিয়ে আমরা গাছের জন্য বিশেষ মিডিয়া তৈরি করি এবং বছরে দুবার সেই খাবার গাছে দিই।

গাছের কিছু রোগবালাই থাকে, যার মধ্যে রুট রট (Root rot), স্টিম রট (Stem rot) ও লিফ রট (Leaf rot) প্রধান। এছাড়া ফাইটোভথরা, ফুজারিয়াম ও মোজাইক ভাইরাসও হতে পারে। তবে আমরা মূলত স্টিম রট এবং রুট রটের আক্রমণই বেশি পেয়েছি। লিফ রট মাঝেমাধ্যে হয় যখন অতিরিক্ত রোদ বা সানবার্ন হয়। তবে এসবের প্রতিকার আমরা সফলভাবেই করছি। কোনো বড় সমস্যা নেই, গাছগুলো খুব ভালোভাবেই বেঁচে আছে।