
জ্বালানি ও সার পরিস্থিতি প্রসঙ্গে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, ‘জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই রয়েছে। এ কারণে জ্বালানির দাম বাড়াতে হয়েছে।’ তার দাবি, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং জয়পুরহাট জেলায় গোডাউনের বাইরেও অতিরিক্ত চার হাজার মেট্রিক টন সার বরাদ্দ রাখা হয়েছে।
খাদ্য পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘খাদ্যের কোনো সংকট নেই। কৃষকরা তাদের ধানের যথাযথ মূল্য পেয়েছে।’ তার দেওয়া তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণভাবে প্রায় সাড়ে পাঁচ লাখ টন ধান ও ১৩ লাখ ২০ হাজার টন চাল সংগ্রহ করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বকনা গরু ও অন্যান্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের ভঙ্গুর অর্থনীতির উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, মূল্যস্ফীতি কমানো, টাকার মান বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির মধ্য দিয়ে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।




