দেশে কৃষিঋণ বিতরণ নিয়ে অনেক কথা থাকলেও সব শেষ তথ্য বলছে গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণের বেশি । তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণের পরিমানও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এক দশকের ব্যবধানে কৃষি খাতে ঋণ যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে ২০১৬-১৭ অর্থবছরে দেশের বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। সর্বশেষ গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। আর ২০২৬–২৭ অর্থবছরে কৃষি খাতের বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা। গত অর্থবছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। অর্থাৎ এক দশকের ব্যবধানে কৃষিঋণ বেড়েছে দ্বিগুণ। আর কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণের বেশি।
গতকাল রোববার ( ১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে এক দশকের কৃষিঋণের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়।
জানা গেছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে ঋণ বিতরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১১ হাজার ১৩১ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিতরণ করা কৃষিঋণের মধ্যে ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে ৫৮টি ব্যাংক মিলে; আর বিআরডিবি বিতরণ করেছে ২৯৪ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে ৫৮টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা; কিন্তু বিতরণ হয়েছে ১১ হাজার ১৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ।



