Spread the love

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  আমিন উর রশিদ দুদিনের সফরে রাজশাহীতে এসেছেন। বুধবার বিকেল ৫টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।সফরসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের আট জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতসহ সার্বিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন কৃষিমন্ত্রী ।

আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কৃষিমন্ত্রী রাজশাহীর সম্ভাবনাময় কৃষি উৎপাদন এলাকা পরিদর্শন করবেন । এ সময় আধুনিক পদ্ধতিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচা মরিচ ও টমেটো চাষ সম্প্রসারণের বিষয়ে স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। আম ও লিচুবাগানে হলুদ ও তুলার আন্তঃফসল চাষের সম্ভাবনাও পরিদর্শন করবেন তিনি।

একই দিন বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনাময় উৎপাদন এলাকা পরিদর্শন ও স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগের বিভিন্ন জেলার আম, লিচু, কাঁচা মরিচ ও টমেটো চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।