
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে তাজা লাউ। প্রায় দুই কিলোমিটারজুড়ে বিস্তৃত এই ঢাল এখন আর কেবল বাঁধ নয়; একদিকে অব্যবহৃত জমি কাজে লাগাচ্ছেন কৃষকরা, অন্যদিকে মিলছে বাড়তি আয়ের সম্ভাবনা।

বাঁধের ঢালে সবজি চাষে মাটির ক্ষয় রোধ হয়, যা বাঁধ সুরক্ষায় বেশ সহায়ক। তাই কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড চাষাবাদে বাধা দেয়নি। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বাঁধ ও সড়কের ঢালে সবজি চাষের দিকে ইদানীং অনেক কৃষক ঝুঁকে পড়েছেন। বিশেষ করে ভূমিহীন কৃষকরা বাঁধের ঢালে লাউসহ বিভিন্ন সবজি চাষ করে বাড়তি লাভের স্বপ্ন দেখছেন। পতিত জমিতে এমন বহুমুখী চাষাবাদ চরাঞ্চলের অর্থনীতি বদলে দিতে ভূমিকা রাখায় কৃষকদের সব ধরনের পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে।

তীব্র দাবদাহ ও অনাবৃষ্টিতে পাশের বিল থেকে সেচ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে এই ফসল। এই উদ্যোগে চরের ভূমিহীন মানুষের জন্য খুলে দিয়েছে নতুন কর্মসংস্থানের দুয়ার। একইসঙ্গে কম দামে তাজা সবজি কিনতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও। বাঁধের সুরক্ষার পাশাপাশি কৃষি উৎপাদনের এই সফল মডেল উদ্বুদ্ধ করছে অন্য কৃষকদেরও।




