
দুবলার চরের জেলেরা প্রচণ্ড শীতের কারণে আগের মতো মাছ ধরতে পারছেন না। এখন মাছ ধরার মৌসুম হলেও ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের কারণে জেলেরা জাল নিয়ে সাগরে যেতে পারছেন খুব কমই। দুবলার চর ঘুরে দেখা গেছে সেখানে জেলেদের অলস তৎপরতা।
যারা সাগরে যাচ্ছেন তারাও খুব একটা মাছ পাচ্ছেন না। তারা এখন জালের পরিচর্যা করছেন।

পাইকগাছার জেলে আমিনউদ্দিন বললেন, এই শীতে যদি কষ্ট করে সাগরে গেলেও তেমন মাছ পাওয়া যাচ্ছে না, তাই তারা জাল পরিচর্যা ও অন্যান্য কাজ করছেন। তবে আশা করছেন দু এক দিনের মধ্যে রোদ উঠলে ভালো মাছ পাওয়া যাবে।
দুবলার চরে জেলেরা ছয় মাস মাছ ধরার সুযোগ পান, শীতের এই সময়টাই তাদের সারাবছরের আয় উপার্জনের সময়। সেখানে মাছ না পেলে সবার জন্যেই কষ্টকর। তাই জেলেরা এখন উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন।
এখানে কয়েক হাজার জেলে মাছ ধরার সাথে জড়িত। আবার অনেকে আছেন যারা জেলেদের কাছ থেকে মাছ নিয়ে শুঁটকি তৈরি করেন। এই শুঁটকি কিনে নেন বিভিন্ন কোম্পানি, তারা এগুলো পাঠান সৈয়দপুর, তিস্তা এবং চট্টগ্রামে।
বরগুনার শুঁটকি ব্যবসায়ী কালাম মোল্লা জানালেন, কয়েক শত ব্যবসায়ী এখানে আসা যাওয়া করেন। কয়েকদিনের শৈত্য প্রবাহে এখন মাছের আমদানি কম।

সব মিলিয়ে এই দুবলার চরে পঞ্চাশ হাজারের মতো মানুষের জীবন জীবিকা এই মাছ ধরা আর শুঁটকির কাজের সাথে সম্পৃক্ত। সেখানে মাছ না পেলে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।





