
সুন্দরবনে দুবলার চরে শুরু হয়েছে শুটকি আহরন মৌসুম। গত ১লা নভেম্বর থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত বনের চারটি চর আলোরকোল, দুবলা অফিস কেল্লা, নারকেলবাড়িয়া ও শেলায় অবস্থান নিয়ে সাগর থেকে মাছ আহরণ করে শুটকি তৈরি করবে সুন্দরবন উপকুলের হাজার-হাজার জেলেরা।

মোংলা,রামপাল, শরনখোলা, সাতক্ষীরা, বরগুনা, পাথরঘাটা সহ বিভিন্ন জেলা থেকে জেলেরা মোংলা পশুর নদী হয়ে বন বিভাগের অনুমতি নিয়ে যাত্রা শুরু করেছে বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার চরের উদ্দেশ্য। সেখানে শুটকি আহরন মৌসুমে জেলেরা অস্থায়ী থাকার ঘর, মাছ শুকানোর মাচা তৈরি করবে ওই চারটি চরে। তবে ব্যাবহার করতে পারবেনা বনের কোন গাছপালা।

এবার ওই চরে ১ হাজার ১৮টি শুঁটকি সংরক্ষণের জেলে ঘর তৈরির অনুমতি দিয়েছে বন-বিভাগ। আর জেলেদের এই কর্মকান্ডকে ঘিরে আবহাওয়া অনুকূলে থাকলে এবার রাজস্ব আয় গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলেও জানান বন বিভাগ। এ বছর রাজস্ব আয় ৮ কোটি টাকা হবে বলে জানায় বন বিভাগ। দুবলা চরের জেলেদের নিরাপত্তার জন্য বন বিভাগ, এসআরবি ও কোস্ট গার্ডের কঠোর নজরদারি রয়েছে।




