
মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ এই ডিসেম্বরেই বয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম । ৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহ ‘পরশ’ এ মৌসুমের প্রথম মৃদু শীতল বায়ু প্রবাহ হিসেবে দেখা দিতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সারা দেশে শৈত্যপ্রবাহ ‘পরশ’ সক্রিয় থাকতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি, যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।





