ঢাকার কাঁচাবাজারে শীতের সবজির দাম ভোক্তাদের কাছে সহনীয় পর্যায়ে এসেছে। দীর্ঘদিনের চড়া দাম পেরিয়ে অধিকাংশ সবজি এখন ৪০ থেকে ৫০ টাকার ঘরে নেমে এসেছে। শীতের মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি। গত সপ্তাহেও বগুড়ার বাজারে ১ টাকা কেজি ফুলকপি বিক্রি হয়েছে। অন্যান্য সবজির দাম বাড়লেউও শসা ও টমেটোর দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দরের এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে প্রতি কেজি মুলা ও শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি এখন ৩০ টাকা। তবে পাকা টমেটো ও শসার কেজি এখনো ১০০ টাকায় স্থির রয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি দরে ১২০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে সওদা করতে আসা ক্রেতারা মহাখুশি, তারা বলছেন, বাজারে এসে মনে হচ্ছে শীতের আমেজ লেগেছে। অন্য সময়ে সবজি অনেক বেশি দামে কিনতে হতো, সেই তুলনায় আজ দাম কম। অধিকাংশ সবজিই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে দুই-একটি সবজির দাম বেশি। সব মিলিয়ে সবজির দাম তুলনামূলক কমেছে।
এদিকে ভোক্তারা খুশি হলেও যশোর, বগুড়া, নরসিংদী বা মানিকগঞ্জের সবজি উৎপাদনকারী এলাকায় কৃষকরা যে দামে সবজি বিক্রি করছেন তাতে অনেকের খরচ উঠছে না।
(ক্ষেতে-পাতে-ডেস্ক)



