
রংপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সিটি ঘি নামে করখানায় শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার বিকেলে মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, ছয় মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নকল ঘিয়ের কারখানা তৈরি করে মাইদুল। কোনো ধরনের দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরি করতেন তিনি। তার উৎপাদিত ঘি রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ শনিবার দুপুরে মাইদুলের কারখানায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তারসহ নকল ঘি, খালি কৌটা, সিল করার মেশিনসহ নকল ঘি উৎপাদনের সরঞ্জমাদি উদ্ধার করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মাইদুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নকল ঘি উৎপাদন ও বাজারজাতকরণের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।





